জাতীয় লিগে প্রথম স্তরের শেষ রাউন্ডে মঙ্গলবার ঢাকাকে ৯ উইকেটে হারিয়ে আবার জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে খুলনা। এই নিয়ে রেকর্ড সাতবার শিরোপা জিতল দলটি।
২০১৫-১৬ মৌসুম থেকে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা। গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা সংখ্যায় খুলনার পাশে বসেছিল রাজশাহী। এক মৌসুম পরেই শিরোপা জয়ের রেকর্ড আবারও নিজেদের করে নিল খুলনা।
শেষ দিনের দ্বিতীয় সেশনে ১১৭ রানের লক্ষ্যে নেমে এনামুল হকের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় পায় খুলনা।
জয়ের জন্য শেষ দিনে ঢাকার ৫ উইকেট দ্রুত তুলে নিতে হতো খুলনাকে। কিন্তু আরাফাত সানি জুনিয়রকে নিয়ে তাদের সামনে দেয়াল তৈরি করেন রকিবুল। কাটিয়ে দেন প্রথম সেশনের পুরোটা।
জুটি ভাঙে লাঞ্চেরও প্রায় ঘণ্টা খানেক পর। ৯৯’র সময় রানআউট হন রকিবুল। এরপর দ্রুত গুটিয়ে যায় ঢাকা। শেষ ৪ উইকেট হারায় ৫ রানে।
রান তাড়ায় প্রথম ওভারেই রবিউল ইসলাম রবিকে হারায় খুলনা। তবে অমিত মজুমদার ও এনামুলের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছায় তারা।
শেষ দিকে ঝড় তোলা এনামুল ৭৬ বলে চারটি করে ছক্কা ও চারে ৭৯ রানে অপরাজিত থাকেন। অমিত অপরাজিত ছিলেন ৩৩ রানে।
ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে খুলনার পয়েন্ট ৩৯.৮১। চার ড্র ও এক জয়ে ২৪.৩৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ ঢাকা। এক জয় ও দুই ড্রয়ে ২১.৪৬ পয়েন্ট নিয়ে তিনে থেকে লিগ শেষ করেছে রংপুর। এক জয় ও দুই ড্রয়ে ১৮.৬৫ পয়েন্ট পাওয়া রাজশাহী নেমে গেছে দ্বিতীয় স্তরে।
