সিদ্ধান্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক শেষ হয়েছে। আজ বুধবার আবার বৈঠক বসবেন তারা।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু সাংবাদিকদের এই কথা জানান।
অপু বলেন, রাতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তার মণিপুরী পাড়ার বাসায় বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সারা দেশ থেকে সংগঠনের নেতারা ঢাকায় আসবেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের সময় নির্ধারণ হলে তা পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।
এর আগে সকালে মঙ্গলবার তেজগাঁওয়ে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আজ বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা করে সংগঠনটি।
নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত করে সংশোধনের দাবিতে এই কর্মসূচি ঘোষণা দেন কাভার্ডভ্যান ও ট্রাকের মালিক-শ্রমিকরা।
