মন্ত্রীরা আজকাল বেহেশতের টিকিট বেচা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘বেহেশতের টিকিটের যদি গ্যারান্টিই থাকে, তাহলে ভোটের টিকিট পাবেন না কেন?’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের এক মানববন্ধনে মান্না এ
কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পুণ্য অর্জন ও বেহেশত যাওয়া’ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের বক্তব্যের সমালোচনা করেছেন তিনি।
গত সোমবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পুণ্য অর্জন করেছেন যে, তার বেহেশতে যাওয়ার অধিকার আছে, হক আছে।’
‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত গতকালের মানববন্ধন থেকে মান্না বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, ‘চুরি করে ডাকাতি করে ক্ষমতায় বসেছেন। ক্ষমতা থেকে চলে যান, পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতিকে বলেন এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘বেহেশতেই যদি যেতে পারেন তাহলে ভোটের পুলসেরাত পার হতে পারবেন না?’
দারিদ্র্য দূর করতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে মান্না বলেন, ‘বাংলাদেশে কেবল ধনী মানুষ আরও বেশি ধনী হচ্ছে, লুটেরারা আরও লুট করছে, লুট করে করে তারা তাদের সম্পত্তি বাড়াচ্ছেÑএই হচ্ছে তাদের একমাত্র কাজ।’
এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘রাস্তায় বসে পড়েন, বসে স্লোগান দেন, আপনার দাবির কথা বলেন। বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির সুরাহা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি।’
