চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শাখা ছাত্রলীগের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মোরশেদুল আলম রিফাত নামে ওই ছাত্রলীগকর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ১০ নভেম্বর রাতে রিফাতের বিরুদ্ধে দৃষ্টিপ্রতিবন্ধী শুক্কুর আলমকে মারধরের অভিযোগ পাওয়া যায়।
রিফাত ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ‘বিজয়’ গ্রুপের একজন কর্মী। আর মারধরের শিকার শুক্কুর আলম দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।
এ ঘটনায় রিফাতকে কারণ দর্শানোর নোটিস দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ নভেম্বর সময়সীমা শেষ হলেও সন্তোষজনক জবাব না পেয়ে তাকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সংক্রান্ত একটি সুপারিশপত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটিতেও পাঠায় তারা।
প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান দেশ রূপান্তরকে জানান, গত মঙ্গলবার উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে এ বহিষ্কারাদেশ দিয়েছেন। গত ১৪ নভেম্বর থেকেই আদেশটি কার্যকর হবে।
