জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের সমন্বয়ক, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
রায়হান রাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে অনতিবিলম্বে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শনিবার বিকেল ৩টায় বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও গুণীজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো, উপাচার্যের প্রত্যক্ষ মদদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও উপাচার্যের অপসারণ, হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, উপাচার্যের বিরুদ্ধে আনীত অভিযোগের দেশীয় আইনে ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ।
৫ নভেম্বর আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর জরুরি এক সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। বন্ধের মধ্যেই উপাচার্যের অপসারণ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যান আন্দোলনকারীরা। ২১ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার আল্টিমেটাম দিয়ে ১৩ নভেম্বর আন্দোলনে ৮দিনের বিরতি দেন আন্দোলনকারীরা।
এরপর বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা।
