সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালত

এমপি স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৮:৪৪ পিএম

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাখিল করেছেন এক আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার এই অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে প্রধান আসামি করা হয়েছে।

এ ছাড়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, শাহজাদপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিনসহ মোট ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম সরকার জানান, দ্রুত বিচার আদালতে অভিযোগটি দাখিল করার পর ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বাদীর বয়ান শুনে লিপিবদ্ধ করেছেন। বিষয়টি আদেশের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, রোববার এ বিষয়ে আদেশ হতে পারে।

অভিযোগের বরাত দিয়ে তিনি আরো জানান, এমপি হাসিবুর রহমান স্বপন বিভিন্ন সময়ে বাদীসহ বিভিন্ন জনের কাছ থেকে প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে ১ কোটি ৯৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে বাদী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর ১৪/১০/২০১৯ তারিখে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনেও পাঠিয়ে দেন।

তারপরও বাদী আবুল হোসেন সরকারের কাছে এমপি হাসিবুর রহমান স্বপন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা দিতে অস্বীকার করায় মঙ্গলবার বিকেলে এমপি স্বপনের নেতৃত্বে দিনারসহ অন্যান্য আসামিরা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে বাঘাবাড়ি নৌবন্দর এলাকার বাদীর অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা আলমারি ভেঙে ১০ লাখ টাকা লুটসহ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ড. মাজহারুল ইসলামের ছবি ভাঙচুর করে বাদীর অফিসে তালা লাগিয়ে দেয়।

আবুল হোসেন সরকার জানান, তিনি জেলা নেতৃবৃন্দের কাছে সুবিচার চাওয়ায় আমার অফিসে হামলা ভাঙচুর ও অর্থ লুটপাট করা হয়েছে। ফলে আমি বাধ্য হয়ে সুবিচারের আশায় আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার বলেন, বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার দিন এমপি সাহেব ও আমরা ঘটনাস্থলে যাইনি। বাদী মিথ্যা তথ্য দিয়ে মনগড়া অভিযোগ করেছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, আমি দলের এমপি ও সভাপতি। অস্ত্র হাতে নিয়ে নিজ দলেরই অফিস ভাঙচুর করব এটা পাগলও বিশ্বাস করবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি আদালতে আমার ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

তিনি বলেন, একই ব্যক্তি দলের বিভিন্ন ফোরামে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের কাছে অভিযোগ প্রমাণিত হলে যে সিদ্ধান্ত দেয় আমি তা মেনে নেব। এই দিকে বৃহস্পতিবার মামলার খবর শাহজাদপুর ও সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত