ঘোষণা ছাড়া শেয়ার কেনাবেচা ও সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালাসহ বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইলের পরিচালক মো. শামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়া ঘোষণা ছাড়া শেয়ার বিক্রিতে সহযোগিতার দায়ে এনএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি নামে একটি ব্রোকারেজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সিকিউরিটিজ আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নিজ কোম্পানির শেয়ার কেনাবেচার ক্ষেত্রে পূর্ব ঘোষণা দেওয়া বাধ্যতামূলক। তবে আলহাজ টেক্সটাইলের শেয়ারহোল্ডার পরিচালক মো. শামসুল হুদা ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নিজ কোম্পানির ৪ লাখ ৮৪ হাজার ৪৪১টি শেয়ার ক্রয় করেন। একই সময় ৯ হাজার ১০০ শেয়ার ক্রয় করেন। ডিএসইর ট্রেকহোল্ডার এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সহযোগিতায় ঘোষণা ছাড়া শেয়ার কেনাবেচা করেন শামসুল হুদা, যার ব্যবস্থাপনা পরিচালকও তিনি।
