ধর্মঘটে ৪ দিন বন্ধ থাকার পর মোংলা-রুপসা ও মোংলা-বাগেরহাট রুটে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এ সকল রুটে স্বল্প পরিসরে যান চলাচল শুরু হয়।
সকালে মোংলা থেকে ছেড়ে গেছে দূরপাল্লার যানও। তবে মোংলা-খুলনা রুটে যান চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন মোংলা-খুলনা রুটের যাতায়াতকারী যাত্রীসাধারণ।
এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাক ধর্মঘট প্রত্যাহার হলে মোংলা বন্দর জেটি হতে আমদানি পণ্য দেশের বিভিন্ন স্থানে যেতে শুরু করে।
নতুন কার্যকর সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবির অনেকগুলো মেনে নেওয়ার আশ্বাসে বুধবার গভীর রাতে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে চলতে থাকে বাস ধর্মঘট।
