সরকার 'মুনতাসীর ফ্যান্টাসি'তে পরিণত হয়েছে: ফখরুল

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৫:৩১ পিএম

নাট্যকার সেলিম আল দীনের মঞ্চ নাটক 'মুনতাসীর ফ্যান্টাসি'র কথা স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সরকারের তুলনা করেছেন।

ওই নাটকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, 'এ নাটকে একটি চরিত্র ছিল, সে যা পেত তাই খেয়ে ফেলত। তেমনি এই সরকারের পেটে এখন অনেক ক্ষুধা। সরকার চেয়ার-টেবিল কাগজ সব খেয়ে ফেলছে। এর আগে ক্যাসিনো খেল, বড় বড় মেগা প্রজেক্ট খেল। এখন সাধারণ মানুষের পেঁয়াজ আর লবণ নিয়ে টানাটানি শুরু করছে'।

মির্জা ফখরুল বলেন, 'এ সরকারের একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে ক্ষমতায় থেকে শুধু লুটপাট করা। নিজেরা বিত্তশালী হওয়া এবং সেই বৃত্তের টাকাকে বিদেশে পাচার করা'।

শুক্রবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল  আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো অংশ নেন, বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, 'জিয়াউর রহমান যে রকম কৃষকের কাছে, ওই খেটে-খাওয়া মানুষের পাশে থেকে রাজনীতি শুরু করেছেন, ঠিক তারেক রহমান একইভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন'।

তিনি বেলন, 'আজ যখন আমাদের অনেকের মধ্যে হতাশা কাজ করছে, ভয়ভীতি ত্রাস কাজ করছে, তখন দেশনায়ক তারেক রহমান সেই সুদূর থেকে লালমনিরহাটের এক নেতাকে ফোন দিয়ে বলছেন, 'কেমন আছেন, ভালো আছেন তো?' সাহস হারাবেন না আমরা সবাই আছি।'

মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'অনেকে মনে করে তারেক রহমান শুধু স্কাইপে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। আসলে না, তিনি তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর নেন। এভাবে তিনি পুরো জাতিকে উজ্জীবিত করছেন। আমরা এত হতাশার মধ্যে তারেক রহমানের নেতৃত্বের মধ্যে আশার আলো দেখতে পাই।এবং সেই নেতৃত্ব আমাদের ইনশা আল্লাহ মুক্তির পথ দেখাবে'।

তিনি বলেন, 'এ সরকার সম্পর্কে আর কিছু বলার নেই। মানুষ চায় এই সরকার যাক। আগে তো দশ বছর বিএনপিকে পিটিয়েছেন এখন সাধারণ মানুষকে পেটান শুরু করেছে'।

বিএনপি মহাসচিব আরো বলেন, 'এ সরকার স্বৈরাচার সরকার নয়, এ সরকার স্বৈরাচারী সরকারের বাবা, ফ্যাসিস্ট সরকার। এরশাদ ছিলেন স্বৈরাচার সরকার, আইয়ুব খান ছিলেন স্বৈরাচার সরকার তাদের মধ্যেও কিছু নিয়মনীতি ছিল, কিন্তু এই সরকারের মধ্যে কোনো কিছু নেই'।

মির্জা ফখরুল বলেন, 'দীর্ঘ ১০-১২ বছর ধরে আমরা এ অবস্থার মধ্যে আছি। হতাশ হওয়ার কিছু নেই। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলে ছিলেন। আমাদের পাশের দেশের যাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত খারাপ সেই মিয়ানমারের নেত্রী সু চি ২২ বছর গৃহবন্দী ছিলেন। শেষ পর্যন্ত গণতন্ত্রের মুক্তি হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে'।

তিনি বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নিজের জন্য নয়। আমাদের জন্য এবং গণতন্ত্রের জন্য তিনি আজ কারাগারে বন্দী। আইনগতভাবে যে জামিন তিনি প্রাপ্য সেটা তাকে দেওয়া হচ্ছে না। আমরা অবশ্যই গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা সব দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ইনশা আল্লাহ এমন এক গণআন্দোলন সৃষ্টি করব যে গণআন্দোলনের মধ্যে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। এটা আমাদের বিশ্বাস আমরা জানি এটা হবেই'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত