শেরপুরে বৃদ্ধা খুন, কুমিল্লায় অজ্ঞাত নারীর লাশ

পেকুয়ায় মাদ্রাসাছাত্রীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১০:০৫ পিএম

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর নবম শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসাছাত্রীর কান বিচ্ছিন্ন, চোখ উপড়ানো এবং আঘাতে ক্ষতবিক্ষত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে হত্যা করেছে প্রতিপক্ষ। কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত নারীর লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) : পেকুয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর নবম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় পুলিশ দেখতে পায় ওই ছাত্রীর চোখ উপড়ে এবং কান ও কয়েকটি অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। ক্ষতবিক্ষত মাদ্রাসাছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন বিসমিল্লাহ সড়কের পাশ থেকে বস্তাবন্দি এ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, বস্তাবন্দি লাশটি আয়েশা বেগমের (১৫)। আয়েশা মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার জামাল হোসেনের মেয়ে এবং মগনামা শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। আয়েশার বাবা জামালউদ্দিন জানান, তার মেয়ে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু মাদ্রাসা ছুটির পর এবং রাতেও বাড়িতে না আসায় তাদের সন্দেহ হয়। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া শুরু করেন।

মগনামা শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূর জানান, আয়েশা নিয়মিত মাদ্রাসায় যেত। কিন্তু বৃহস্পতিবার সে অনুপস্থিত ছিল। ছাত্রীর মা নছুমা খাতুন বলেন, আমার মেয়েকে বখাটেরা অপহরণ এবং শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে হত্যার পর বস্তাবন্দি করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

শেরপুর : জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে জয়নব বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নব ওই গ্রামের লেবু মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মকলেছ গংদের সঙ্গে লেবু মিয়ার সন্তান গোলাম হকদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল ভোরের দিকে মকলেছ গং হামলা চালিয়ে এলোপাতাড়ি আঘাতে বৃদ্ধা জয়নবকে হত্যা করে।

কুমিল্লা : লালমাই উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানায় রেলওয়ে পুলিশকে। লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিমউদ্দিন জানান, ওই নারী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত