ব্রিসবেনে পাকিস্তানের সামনে হারের হাতছানি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০২:৫৮ পিএম

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪০ রানের জবাবে ছয়শো ছুঁই ছুঁই সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। ৩৪০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসেও খেই হারিয়েছে আজহার আলির দল। তাদের সামনে এখন বড় হারের হাতছানি।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ৩ উইকেটে ৬৪ রানে শনিবার তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। এখনও ২৭৬ রানে পিছিয়ে রয়েছে দলটি। ওপেনার শান মাসুদ ২৭ ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বাবর আজম ২০ রানে অপরাজিত।

এর আগে প্রথম ইনিংসে ৫৮০ রানে প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। এক উইকেটে ৩১২ রান নিয়ে ব্যাট করতে নেমে বাকি নয় উইকেটে করে ২৬৮ রান। দিনের শুরুতেই ফেরেন আগের দিন ১৫১ রানে অপরাজিত থাকা ডেভিড ওয়ার্নার।

দারুণ ব্যাট চালিয়েছেন ৫৫ রান নিয়ে ব্যাট করতে নামা মার্নাস ল্যাবুচানে। দলীয় ৫৪৬ রানে শাহীন শাহ আফ্রিদির বলে বাবর আজমকে ক্যাচ দেওয়ার আগে করেন ১৮৫ রান। তার ২৭৯ বলের ইনিংসটিতে রয়েছে কুড়িটি চারের মার।

অন্যদের মধ্যে ম্যাথু ওয়েড ৬০ ও ট্র্যাভিস হেড ২৪ রান করেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে লেগ স্পিনার ইয়াসির শাহ ২০৫ রানে নেন চার উইকেট। দুটি করে উইকেট নেন শাহিন শাহ ও হারিস সোহেল। একটি উইকেট পেয়েছেন ষোলো বছর বয়সে অভিষেক হওয়া নাসিম শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত