মাদারীপুর শহর সংলগ্ন কুমার নদের তীর ধসে শনিবার ভোররাতে ঘরবাড়ি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে রয়েছে পাঠককান্দি এলাকার আরও শতাধিক পরিবার।
পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ৩০ লাখ টাকার বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে আবেদন করেছে। তাছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্য দেওয়া হবে বলে জেলা প্রশাসন জরুরিভাবে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
সরেজমিনে দেখা গেছে যে, কুমার নদের তীর ধসে শনিবার ভোররাতে একটি খানকা শরীফসহ চুন্ন গৌড়া, মুরাদ হাওলাদার, আলী সরদারের বাড়িসহ ৬ টি বাড়ি নদের গর্ভে বিলীন হয়ে যায়। এই সময় পাঠককান্দি এলাকাবাসী বিশেষ করে নদী সংলগ্ন ঘর-বাড়িতে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঠককান্দি এলাকার খোকন তালুকদার জানান, গভীর রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন এলাকায়ও ফাটল দেখা দিয়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, সরেজমিন ঘুরে দেখেছি। তাছাড়া জরুরি ভিত্তিতে ৩০ লাখ টাকার বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলেই আমরা কাজ শুরু করব।
মাদারীপুরের এনডিসি রেকসোনা খাতুন জানান, আমরা খবর পেয়েই সরেজমিনে চলে এসেছি। সরেজমিনে এসে যা পাওয়া গেছে তাতে এখনও ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, কুমারের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপসহ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
