বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি যেকোনো দিন প্রকাশ করবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে গতকাল শনিবার সকালে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। আজ রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে পিএসসির একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৩৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গতকাল
দেশ রূপান্তরকে বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ তবে ঠিক কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা স্পষ্ট করে জানাননি তিনি।
পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪১তম বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসি নির্দেশনা পেয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত অবস্থানে আছে পিএসসি। এই বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে ৯০৫ প্রভাষক, কারিগরি শিক্ষা বিভাগে ১০ প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনকে নেওয়া হবে। পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা-হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট একজন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন; স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন, সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন; বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন; পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।
