সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি গুলশানের পুরনো ওয়ান্ডারল্যান্ডের জায়গায় শিশুদের জন্য বহুমুখী খেলার মাঠ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।
তিনি রাজধানীতে শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য আরো উন্মুক্ত মাঠ রাখার ওপর জোর দিয়েছেন।
রোববার ফেইসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে রাদওয়ান লিখেছেন, 'কেন পুরাতন ওয়ান্ডারল্যান্ড একটি উন্মুক্ত খেলাধুলার কেন্দ্রে পরিণত হতে পারবে না? পুরোপুরি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ওয়ান্ডারল্যান্ড পার্কে শিশুরা ভিড় করছে, খেলছে। একইভাবে তারা খেলার সুযোগ পাচ্ছে গুলশান ইয়ুথ ক্লাবে (জিওয়াইসি)। সেখানে যে কোনো মওসুমের উপযোগী বহুমুখী পিচ তৈরি করুন এবং শিশুদের খেলতে দিন।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণার ফলাফল থেকে উদ্ধৃত করে রোববার আরেক পোস্টে রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, বিশ্বে শারীরিকভাবে সবচাইতে সক্রিয় শিশুদের তালিকায় বাংলাদেশের শিশুরা রয়েছে। কিন্তু ওই প্রতিবেদন এটাও বলছে- এ দেশে প্রতি তিনজনের মধ্যে দুজন শিশু দিনে এক ঘণ্টাও শারীরিক ব্যায়ামের সুযোগ পায় না।
