বিতর্কিত ফ্রিডম পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগের ‘প্রতিবাদ’ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ।
রবিবার দুপুরে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে এম এ ওয়াদুদ বলেন, কতিপয় দুষ্কৃতকারী, সমাজবিরোধী, সরকারি অর্থ তছরুপকারী, সন্ত্রাসী ও খুনের দায়ে অভিযুক্ত স্বার্থলোভী ব্যক্তি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো দিনই আমি কিংবা পরিবারের সদস্যদের কেউ বিতর্কিত ফ্রিডম পার্টির সঙ্গে জড়িত ছিল না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ বেপারী, মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, মুক্তিযোদ্ধা ইয়াকুব মাস্টার প্রমুখ।
এর আগে গত শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডারবৃন্দ’ ব্যানারে এম এ ওয়াদুদের বিরুদ্ধে বিতর্কিত ফ্রিডম পার্টির সঙ্গে জড়িত থাকাসহ সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়।
