চীন নিয়ন্ত্রিত ভূখণ্ড হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অবিশ্বাস্য একচেটিয়া জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা। ভরাডুবি হয়েছে চীনপন্থী আইনপ্রণেতাদের।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রাথমিক ফলাফল অনুযায়ী ১৮টি জেলা কাউন্সিলের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা।
হংকংয়ে কয়েক মাস ধরে চলা অব্যাহত সহিংস বিক্ষোভের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সেটা শেষ হয়েছে।
চলমান অস্থিরতা, বিক্ষোভ এবং সংঘাতের মধ্যে এই নির্বাচনকে সরকারের প্রতি জনসমর্থনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
সরকার এবং বেইজিং মনে করেছিল, ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ ভোটাররা তাদের প্রতি সমর্থন জানাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা কাজে দেয়নি। বরং উল্টো চীনপন্থী কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী তাদের কাউন্সিল আসন হারিয়েছেন।
অন্যদিকে বিক্ষোভকারীরা এই নির্বাচনকে নিজেদের সমর্থন প্রমাণের সুযোগ হিসেবে নেয়। রেকর্ড ভোট কাস্টের মাধ্যমে তারা নির্বাচনের ফল অনুকূলে নিতে সক্ষম হয়।
নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় পরাজিত চীনপন্থী আইনপ্রণেতা জুনিয়াস হো বলেন, ‘এ যেন স্বর্গ ও পৃথিবী ওলট-পালট হয়ে গেছে।’
