খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ভুখা মিছিল করেছেন শ্রমিকরা। সংগ্রাম পরিষদের ডাকা ৬ দিনের কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকরা ভুখা মিছিল বের করেন।
শ্রমিকরা জানান, পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে কর্মরত স্থায়ী শ্রমিক রয়েছেন ১৩ হাজার ১৭০ জন এবং বদলি শ্রমিক সংখ্যা ১৭ হাজার ৪১৩ জন। এসব শ্রমিকের ৯ থেকে ১১ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া রয়েছে।
সোমবার সকালে খুলনার ৯টি পাটকলের মিলগেটে জড়ো হন শ্রমিকরা।
সেখানে গেট সভা শেষে শুরু হয় ভুখা মিছিল। খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব স্ব মিল গেটে শেষ হয় মিছিল।
