কুমিল্লার হোমনায় শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ বহিষ্কার করা হয়েছে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব জানান।
প্রধান শিক্ষক বলেন, ‘গত ১৫ নভেম্বর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরীক্ষার্থী ছেলেদের হইচই শুনে কয়েকজন শিক্ষকসহ আমি দৌড়ে গিয়ে দেখি তাদের মধ্যে হাতাহাতি হচ্ছে। এ ঘটনা অভিভাবকদের জানিয়েছি। এর মধ্যে ইউএনও ঘটনা শুনে আমাকে ফোন করলে তাকে বিস্তারিত জানাই। পরে তিনি আট পরীক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কর করার জন্য ২১ নভেম্বর আমার কাছে অফিশিয়াল চিঠি দেন। আর ইউএনও স্যার আমার প্রতিষ্ঠানের সভাপতি, এখানে আমার কিছু বলার নাই।’
সামসুল হক নামে এক অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন, ‘ছাত্ররা একসঙ্গে লেখাপড়া করে, তাদের মধ্যে কথাকাটাকাটি বা ঝগড়াবিবাদ হতেই পারে, তার বিচার শিক্ষকরা আমাদের অভিভাবকদের নিয়ে করতে পারেন। তাই বলে কি সরাসরি বিদ্যালয় থেকে বহিষ্কার করে দেবে?’
হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে বহিষ্কারসংক্রান্ত কোনো চিঠি পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ফোনে বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং পরীক্ষার খাতা দেখে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছি।’
