প্রিয় আতলেতিকোর বিপক্ষে ফিরছেন রোনালদো

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৩:০৬ পিএম

প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ মানেই ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স। বিগত সময়ের মতো এবারও দলটির বিপক্ষে জ্বলে ওঠার বার্তা দিয়েছেন জুভেন্টাসের এই পর্তুগিজ ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে জুভেন্টাস-আতলেতিকো। ম্যাচটির আগে টুইটারে অনুশীলনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন- “আই আ’ম ব্যাক।”

হাঁটুর চোটের কারণে সেরি আয় আতালান্তার বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া সবশেষ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। চোট কাটিয়ে আতলেতিকোর বিপক্ষে ফিরবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। যদিও জুভেন্টাস কোচ মাওরিসিও সাররি রোনালদোর খেলা নিয়ে এখনও সবুজ সংকেত দেননি।

রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের ক্যারিয়ারে রোনালদোর ‘প্রিয়’ প্রতিপক্ষ ছিল আতলেতিকো। দলটির বিপক্ষে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করা সহ মোট ২২টি গোল রয়েছে তার।

জুভেন্টাসে আসার পরও চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোর স্বপ্ন ভেঙেছেন রোনালদো। গত বছর প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল আতলেতিকো। কিন্তু ফিরতি লেগে রোনালদো হ্যাটট্রিক করলে থেমে যেতে হয় স্প্যানিশ ক্লাবটিকে। ৩-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে জুভেন্টাস।

আতলেটিকোর বিপক্ষে এবারও অসাধারণ পারফরম্যান্স দেখাবেন বলে ধারণা সবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত