‘পাসওয়ার্ড’-এর প্রচারে ‘মিশন-সিক্সটিন’-এর ঘোষণা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:২০ পিএম

সাফটা চুক্তির আওতায় আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা কলকাতা থেকে আমদানি করা চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির। গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি সিনেমার ছাড়পত্র দেওয়া যুক্তিসংগত হবে না। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানান, এটা জটিল কোনো বিষয় নয়। আমদানিকারকের কাছে সিনেমার নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটি পাওয়ার পর চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। কলকাতার ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয় করেছেন দেব ও রুক্ষ্মিনী মৈত্র। এর আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

এদিকে ‘পাসওয়ার্ড’ সেন্সর ছাড়পত্র না পেলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ সিনেমার প্রচারের জন্য গতকাল দুপুরে ঢাকায় এসেছেন এর নায়ক-নায়িকা দেব-রুক্ষ্মিনী। সঙ্গে আরও এসেছেন সিনেমাটির নির্মাতা কমলেশ্বর মুখার্জি। এসেই সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। ‘পাসওয়ার্ড’-এর প্রচারে এলেও এই সিনেমার চেয়ে বেশি আকর্ষণ করেছে দেবের নতুন সিনেমার ঘোষণার বিষয়টি। রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে দেব নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমাটির নাম ‘মিশন-সিক্সটিন’। এ সিনেমাটি প্রযোজনাও করবে ‘পাসওয়ার্ড’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথমে সিনেমাটির শু¨টিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। মাসখানেক আগে কলকাতায় এ সিনেমায় চুক্তিবদ্ধ হন দেব। প্রথমে যৌথ প্রযোজনায় ‘মিশন-সিক্সটিন’ নির্মিত হওয়ার কথা থাকলেও নীতিমালা কড়াকড়ির কারণে শাপলা মিডিয়া একক প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবে। তাই ‘মিশন-সিক্সটিন’ পুরোপুরি বাংলাদেশের সিনেমা হবে। কলকাতা থেকে শুধু দেব অভিনয় করবেন। দুই বাংলার যৌথ প্রযোজনা প্রসঙ্গে দেব বলেন, ‘যৌথ কাজ হওয়া উচিত। ডিজিটাল যুগে আগের মতো ছবি বানালে চলবে না। দর্শকের বুড়ো আঙুলের নিচে শত শত চ্যানেল আছে, তাদের আটকে রাখা যাবে না। দর্শকরা নিজের মতো করে যেকোনো দেশের ছবি খুঁজে নেবে। সবাইকে ভালো গল্প নিয়ে ভাবতে হবে। কপিপেস্টে এখন দর্শকের মন ভরবে না। এখনকার গল্প এবং তরুণদের কথা বলতে হবে। আমার পাসওয়ার্ডও এই সময়ের গল্প। ছবিতে সাইবার ক্রাইমের বিষয়টাই তুলে ধরেছি।’

সাফটা চুক্তির আওতায় দুই দেশের বিনিময় নিয়ে দেব বলেন, ‘এই বিনিময় আরও মসৃণ হওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক রয়েছে। তবে সিনেমার মধ্যে কোথায় যেন আইনকানুনের কী একটা হয়ে আছে। এটা যদি মসৃণ হয়, দুই বাংলার জন্য নতুন কিছু হবে হয়তো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত