১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট চলছে। বুধবার সকাল ৬টা থেকে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে কোনো নৌযান চলাচল করেনি।
এতে বিপাকে পড়েছে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। চাঁদপুরগামী এমভি আসা–যাওয়া লঞ্চের এক শ্রমিক বলেন, ‘বেতন–ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে মালিকেরা কেবল আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। কিন্তু বেতন-ভাতা বাড়ানো হয়নি। এ কারণে দাবি পূরণের উদ্দেশ্যে এ ধর্মঘট।’
এমভি গাজী লঞ্চের পরিচালক বাবু গাজী জানান, নৌযান শ্রমিকদের একাংশের সংগঠন তাদের দাবিদাওয়া পূরণে যে আন্দোলন করছে, তা অযৌক্তিক। আলাপ–আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেত। কিন্তু কিছু স্বার্থান্বেষী নৌযান শ্রমিকনেতারা তাদের স্বার্থ আদায়ের জন্য অহেতুক ধর্মঘট ডেকেছেন।
