ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামলেই মেসির ৭০০

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০১:১৮ পিএম

চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। নিজেদের মাঠে অনুষ্ঠেয় এই লড়াইয়ে খেলতে নামলেই কাতালান ক্লাবটির হয়ে ৭০০তম ম্যাচ খেলা হবে গ্রহের অন্যতম সেরা এই ফুটবলারের!

ক্যাম্প ন্যুতে  বাংলাদেশ সময় রাত দুইটায় ‘এফ’ গ্রুপের নিজেদের পঞ্চম ম্যাচে জার্মান ক্লাবটির মুখোমুখি হবে ছন্দে থাকা বার্সেলোনা। ম্যাচটিতে শুরুর একাদশেই দেখা যেতে পারে ফর্মে থাকা মেসি। তাই হলে ক্লাবটির হয়ে সাতশোতম ম্যাচ খেলা হবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের।

বার্সেলোনার হয়ে এর আগে এই মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড় হলেন জাভি হার্নান্দেস। ক্লাবটির হয়ে ৭৬৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলারের।

বার্সেলোনার মূল দলে ২০০৪-০৫ মৌসুমে অভিষেক হওয়ার এবার নিয়ে ক্লাবটির হয়ে ষোলো মৌসুম খেলছেন। স্পেনের অন্যতম সেরা ক্লাবটির হয়ে প্রতি মৌসুমে গড়ে ৪৪টি করে ম্যাচ খেলেছেন মেসি। গড়ে গোল করেছেন ৩৮টির ওপরে। বার্সেলোনার হয়ে দশবার লা লিগাসহ মেসি মোট শিরোপা জিতেছেন ৩৪টি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত