ঢাকার বায়ুদূষণ ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১২:৪৬ এএম

ঢাকার বায়ুদূষণের মাত্রা কমিয়ে আনতে মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের প্রথম দিনে গতকাল বুধবার দুই বিদেশি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আশপাশে বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালাবে এই আদালত।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল প্রকল্পের কারণে ঢাকার বাতাস দূষিত হচ্ছে সবচেয়ে বেশি। বায়ুদূষণ কমিয়ে আনতে নিয়মিত পানি ছিটানো, নির্মাণসামগ্রী ঢেকে রাখাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে দফায় দফায় মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নির্দেশনা প্রতিপালন করা হয়নি। তাই বাধ্য হয়ে অভিযানে নেমেছে তারা।

গতকাল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এর মধ্যে শেরেবাংলা নগর থেকে কারওয়ান বাজার পর্যন্ত এলাকায় বায়ুদূষণের অপরাধে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্কেন কনস্ট্রাকশন কোম্পানি, আবদুল মোনেম কোম্পানি লিমিটেড ও ইতালিয়ান কোম্পানি অ্যাবেনিকোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে যত্রতত্রভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ঢেকে রাখার কথা থাকলেও তা করা হয়নি। অন্যান্য পয়েন্টেও একই অবস্থা দেখেছি। মেট্রোরেল কর্তৃপক্ষকে আমরা এর আগে কয়েক দফা চিঠি দিয়েছি। কিন্তু তারা শোনেনি।

ভ্রাম্যমাণ আদালত গতকাল গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পেও অভিযান চালায়। সেখানে প্রকল্পসংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় সাজা দেওয়া যায়নি। তবে বায়ুদূষণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিবেশ অধিদপ্তরকে জানাতে ৫ দিনের সময় বেঁধে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত