সংঘর্ষের ঘটনায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০২:৩৩ এএম

সুপ্রিম কোর্টের সামনে গাড়ি ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গতকাল বুধবার তার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। 

গতকাল সকালে শাহবাগ থানার ওসি আবুল হাসান বিএনপির এই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

ওসি বলেন, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রণাঙ্গনের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নেন। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে ওই রাতে শাহবাগ থানায় মামলা হয়।

মুক্তির দাবিতে বিএনপির ঝটিকা মিছিল

মুক্তিযোদ্ধা দলের সভাপতিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল দুপুরে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। মিছিল থেকে উলফাতের নিঃশর্ত মুক্তির জোর দাবিতে সেস্নাগান দেওয়া হয়। খালেদা জিয়ারও মুক্তি চাওয়া হয় ঝটিকা ওই মিছিল থেকে। 

মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অংশ নেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ডা. জাহিদুল কবির, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার মো. নূরুজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত