রাজশাহীতে সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই ট্রেন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০২:৩৩ এএম

রাজশাহীর বাঘায় গতকাল বৃহস্পতিবার মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী দুই ট্রেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মাত্র ১৫ গজ দূরত্বে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনকে থামাতে সক্ষম হন চালক। এসময় একই লাইনে স্টেশনে দাঁড়িয়ে ছিল সিক্স ডাউন মেইল ট্রেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে

 

ছেড়ে আসা ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেন আড়ানী রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন রাজশাহী আসছিল। কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি অতিক্রম করার জন্য ২ নম্বর লাইন ক্লিয়ার থাকার কথা থাকলেও ১ নম্বর লাইন ক্লিয়ার ছিল। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা সিক্স ডাউন মেইল ট্রেনটির মুখোমুখি যাচ্ছিল কপোতাক্ষ আন্তঃনগর। এসময় চালক রুহুল আমিন সিরাজ দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে ১৫ গজ দূরে থামিয়ে দিতে সক্ষম হন। এ ঘটনায় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছোটাছুটি ও আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে আড়ানী স্টেশন মাস্টার একরামুল হক বলেন, পয়েন্টম্যানের ভুলের কারণে ঘটনাটি ঘটেছে। তবে ৩৩ মিনিট পর ট্রেনটি আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। আড়ানী স্টেশনের পয়েন্টম্যান রওশন আলী বলেন, আমি কিছুদিন আগে স্ট্রোক করে প্রতিবন্ধীর মতো হয়ে পড়েছি। দ্রুত চলাচল করতে সমস্যা হয়। আমি পয়েন্ট ঠিক করতে যাওয়ার আগেই কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন আড়ানী স্টেশনে ঢুকে পড়ে। তবে চালক বুদ্ধিমত্তা দিয়ে মুখোমুখি হওয়ার আগে ট্রেন থামিয়ে দেন। কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের চালক রুহুল আমিন সিরাজ বলেন, আড়ানী স্টেশনে কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই। নিয়ম অনুযায়ী ট্রেন চলছিল। আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকের পয়েন্ট পার হওয়ার পর দেখি, যে লাইন দিয়ে ট্রেন যাচ্ছে সেই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। আমি কৌশলে ট্রেনটির মুখোমুখি হওয়ার আগে থামিয়ে দিই। কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের পরিচালক আবুল হোসেন বলেন, এ ট্রেনের স্টপেজ নেই আড়ানীতে। হঠাৎ আড়ানী স্টেশনে এসে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে নেমে এসে দেখি, যে লাইন দিয়ে ট্রেনটি যাচ্ছিল, সেই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। চালক তা দেখে ট্রেনটি কৌশলে থামিয়ে দেন। প্রায় ৩৩ মিনিট পর ট্রেনটি পেছনের দিকে ব্যাক করে ২ নম্বর লাইন দিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, স্টেশনে কর্তব্যরত পয়েন্টম্যানের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে। তাকে ও স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত