চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় স্যুয়ারেজ লাইনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ডরিন তিশা গোমেজ (২২)। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে।
নিহত ডরিন তিশা গোমেজ পাথরঘাটার বান্ডেল রোডে সেন্ট জনস গ্রামার স্কুলের শিক্ষিকা ছিলেন। পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে তার বাসা। ঘটনার দিন সকালে রিকশাযোগে স্কুলে যাওয়ার সময় বিস্ফোরণে ধসে যাওয়া দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ‘মাথায় গুরুতর আঘাত নিয়ে ডরিন গোমেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার সকাল সোয়া ১১টার তাকে মৃত ঘোষণা করা হয়।’
গত ১৭ নভেম্বর নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকায় বড়ূয়া ভবনের নিচতলার গ্যাস বিস্ফোরণে ৭ জনের মৃত্যু ঘটে। গুরুতর আহত হন আরও ১০ জন। ঘটনা তদ‡ন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গ্যাসলাইনের লিকেজ থেকে নির্গত গ্যাস বাসার রুমের ভেতর জমা হওয়ার কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে তদন্ত প্রতিবেদন দিয়েছে।
