বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: আইনমন্ত্রী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পর দ্রুত বিচার নিষ্পত্তির ঘটনা একটি যুগান্তকারী মাইলফলক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ‘নিপীড়ন বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যার পর সবচেয়ে বড় মেসেজটি হচ্ছে, কেউ যদি কোনো নারীর প্রতি সহিংসতা ঘটায়, তাহলে তাকে সর্বোচ্চ সাজা গ্রহণ করতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না। আমাদের বিচার বিভাগ স্বাধীন, এ স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না।’

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি আমাদের পেয়ে বসেছে। তাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মাধ্যমে নারী-পুরুষের সমতা ফিরিয়ে এনে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

এ আয়োজনে ‘নুসরাত হত্যার দ্রুত বিচার নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবে’ শীর্ষক চূড়ান্ত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সমান নম্বর পেয়ে ঢাকা কলেজ ও ইডেন কলেজ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘নুসরাত এক প্রতিবাদী মেয়ে। নুসরাতের মতো আর কোনো ঘটনা আমরা দেখতে চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত