অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় আ.লীগ দেশে নাম্বার ওয়ান : কাদের

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ এএম

অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় আওয়ামী লীগ দেশের অন্যসব রাজনৈতিক দল থেকে এগিয়ে বলে দাবি করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির বৈঠকে এ দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের ১০টি সাংগঠনিক জেলা সম্মেলন সুন্দরভাবে সফল হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলনে এমন কিছু হয়নি যে খারাপ খবরের শিরোনাম হতে পারে। এমনকি কমিটি ঘোষণার সময় স্বাভাবিক যে বিশৃঙ্খলা হয়ে থাকে সেটাও হয়নি। তিনি বলেন, আমি দাবি করব, এখনো অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় আওয়ামী লীগ এ দেশে নাম্বার ওয়ান। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এদেশে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশনায় এবং সবার সহযোগিতায় চারটি সহযোগী ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমাদের দল শেখ হাসিনার নেতৃত্বে সলিডলি ঐক্যবদ্ধ সেটা প্রমাণিত হয়েছে। এই কয়েকটি সম্মেলনের সফল সমাপনীর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমরা দেশের জনগণের কাছে ক্লিন ইমেজের বার্তা দিতে পেরেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন-পুরনোর সমন্বয়ে আমরা আমাদের দলকে ঢেলে সাজাব। প্রযুক্তির সঙ্গে ঐতিহ্য, আইডিয়ালিজমের সঙ্গে রিয়ালিজম এবং আধুনিকতার সঙ্গে বিশ্বাসের মধ্যে ব্যালেন্স করে আমরা আমাদের আওয়ামী লীগকে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, আমরা এমনভাবে পার্টিকে সাজিয়ে নিচ্ছি যাতে মুজিববর্ষ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আমরা সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি। সেখানে আন্তর্জাতিকভাবেও বিভিন্ন ইভেন্টে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সরকারপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কাজেই আমরা সেভাবে আমাদের দলকে প্রস্তুত করতে চাই। ওবায়দুল কাদের বলেন, আগামী দুই বছর আমাদের অলস হয়ে ঘরে থাকার কোনো সুযোগ নেই। পুরো দুটো বছরই আমাদের কর্মযজ্ঞ, পুরো দুটো বছরেই কোনো-না-কোনো কর্মসূচির মধ্যে আমাদের থাকতে হবে। এজন্য আমাদের নেতাকর্মীকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাই। যেন নেত্রীর ডাকে আমাদের সকল সংগঠন শৃঙ্খলার সঙ্গে শক্তি প্রদর্শন করতে পারে। সম্মেলনে সাজসজ্জার দিকে না গিয়ে, আমাদের অভ্যন্তরীণ সাজসজ্জা, সৌন্দর্য এবং শৃঙ্খলা বৃদ্ধির জন্য আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। আন্দোলন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। নৈরাজ্য করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অশুভ পাঁয়তারা করছে। আদালত প্রাঙ্গণকে তারা রণাঙ্গনে পরিণত করেছে। তারা আইন, বিচার এবং আদালত মানে না। রাজনীতিকে আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করব। কিন্তু অরাজনৈতিকভাবে সহিংসতার পথে গেলে তারও সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ জানে।

সরকারি দল টাকা বানানোর রোগে আক্রান্ত– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, দুর্নীতির জন্য পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন, হাওয়া ভবনে বিকল্প পাওয়ার হাউজ সৃষ্টি করে বিএনপির টাকা বানানোর মেশিন ছিল, আওয়ামী লীগে টাকা বানানোর বিকল্প কোনো পাওয়ার সেন্টার নেই। আমাদের সম্পদ হলো দেশের জনগণের ভালোবাসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত