রামগঞ্জের হযরত শাহ মিরান (র.) আলিম মাদ্রাসার অধ্যক্ষকে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বরখা‡স্তর প্রতিবাদে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এ সময় সভাপতি সমর্থিত লোকজন ও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, হযরত শাহ মিরান (র.) আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুজ্জামান খান নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় ‘বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে’ মাদ্রাসাটির অধ্যক্ষ এ টি এম আবদুল্লাহ ভূঁইয়াকে ১ ডিসেম্বর সাময়িক বরখাস্ত করেন। গতকাল সোমবার সকালে পূর্বনির্ধারিত বার্ষিক পরীক্ষা দিতে মাদ্রাসায় এসে অধ্যক্ষকে বহিষ্কারের সংবাদ শুনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা দিয়ে পরীক্ষা বর্জন করে। এ সময় অধ্যক্ষকে পুনঃবহাল ও কমিটির সভাপতিকে বহিষ্কারের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভও করে শিক্ষার্থীরা।
প্রায় ৩ ঘণ্টা ধরে বিক্ষোভ চলাকালে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত এবং আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুজ্জামান খান বলেন, মাদ্রাসার অর্থ আত্মসাৎসহ অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশীদ বলেন, অধ্যক্ষ ঢাকায়। তিনি ফিরলে সবার সমন্বয়ে বিষয়টির সমাধান করা হবে।
