রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে জাতিসংঘ বিরোধিতা করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের স্থানান্তরে জাতিসংঘও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। একটি টেকনিক্যাল টিমও রয়েছে। তারা খুব শিগগিরই সেখানে যাবে। ভাসানচর নিয়ে জাতিসংঘ বিরোধিতা করছে এটা ঠিক নয়।’ গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের
সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গারা এর আগেও এসেছেন। ফিরেও গেছেন। তবে আমরা টেকসই প্রত্যাবর্তন চাই, যেন তারা আর ফিরে না আসেন। সে কারণেই জবাবদিহি ও প্রত্যাবর্তন উভয়ই জরুরি।
অন্য এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। গাম্বিয়া তাদের বিরুদ্ধে লড়বে। সেখানের কোর্টে বাংলাদেশের লড়ার সুযোগ নেই।
আইসিসিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘেও এ নিয়ে বক্তব্যও রেখেছেন। মিয়ানমার তখন থেকেই জানে আমরা দুটি ফ্রন্টে কাজ করছি। এটা একটা অন্যের পরিপূরক। তাই এ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।
