অনুপ্রবেশকারীরা কি আপনার জ্যাঠাতো ভাই: রাহুলকে প্রশ্ন অমিতের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ এএম

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমবারের মতো নির্দিষ্ট করে জানালেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আগেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরি করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

বিদেশি তকমা দিয়ে ভারতীয় বিতাড়নের এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সোমবার তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত। রাহুলের উদ্দেশে তার প্রশ্ন, ‘‘অনুপ্রবেশকারীরা কি আপনার জ্যাঠাতো ভাই?’’

এনঅআরসি প্রসঙ্গে কিছু মানবিক প্রশ্ন তুলেছেন রাহুল। এই নিয়ে বিদ্রূপ করে চক্রধরপুর ও বহরাগোড়ার সভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘রাহুলবাবা বলেন, ওদের তাড়াবেন না। ওরা কোথায় যাবে? কী খাবে? কেন তাড়াব না? ওরা কি আপনার জ্যাঠাতো ভাই?’’

একই সঙ্গে অমিতের হুংকার, ‘‘আপনারা নিশ্চিত থাকুন ২০২৪ সালর ভোটের আগে সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাড়িয়ে দেওয়া হবে।’’

এ দিকে এনআরসি নিয়ে শুরু থেকেই তীব্র বিরোধিতা করে যাচ্ছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, স্বাধীনতার পর থেকে দেশে এত দিন যারা ভোট দিলেন, সরকার গড়লেন, তাদের কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে?

অমিত জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অবস্থান নিতে পারেন, তাতে সারা ভারতে এনআরসি তৈরি আটকে থাকবে না।

এ দিকে সংসদের শীত অধিবেশন শেষ হতে আর সপ্তাহ দুই বাকি। এর মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে বিদেশ থেকে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব নিয়ে আশঙ্কা দুর করতে চায় নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি ‘অন্য (মুসলিম) অনুপ্রবেশকারীদের’ সম্পর্কে সরকারের কড়া অবস্থানের কথা বারবার বলছে বিজেপি। বিরোধীদের ধারণা, বিদেশি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তুলে তাকে আগামী ভোটের প্রধান বিষয় করতে চাইছে বিজেপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত