নদী কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ পিএম

দুর্যোগকালীন জেলেদের পোতাশ্রয়খ্যাত খাপড়াভাঙ্গা দোন নদীর পাড় কেটে দেদার মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন যাবৎ এভাবে মাটি কাটার ফলে নদীটি তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে। নদীপাড়ের সরকারি খাসজমির এ মাটি কেটে বিক্রি করা হলেও কাছাকাছি থাকা মহিপুর ভূমি অফিসের তহশিলদার রয়েছেন নির্বিকার। প্রায় দুই একর জায়গা জুড়ে মাটি কেটে গভীর খাদ সৃষ্টি করায় নদীর পাড় নষ্ট হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় ভূমি অফিসের সহযোগিতায় ওই চক্রটি দীর্ঘদিন ধরে মাটি কাটছে। মাটি কেটে বিক্রি করছে সেখানকার মোশাররফ মোল্লা। সরকারি কোনো নির্দেশনা ছাড়া নদীপাড়ের সরকারি খাসজমির মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ইতিমধ্যে অন্তত ৩-৪ লাখ ঘনফুট মাটি কেটে নেওয়া হয়েছে। এভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের পশ্চিম দিকে এস্কেভেটর (ভেক্যু মেশিনে) দিয়ে মাটি কেটে নদীপাড়ের সর্বনাশ করা হচ্ছে দীর্ঘদিন যাবৎ।

জেলেরা জানায়, দুর্যোগকালীন গভীর সমুদ্র থেকে হাজার হাজার মাছ ধরার ট্রলার এই নদীতে আশ্রয় নেয়। নদীটির পাড় থেকে যেভাবে নির্বিচারে মাটি কাটা হচ্ছে তাতে আগামী মৌসুমে ভাঙনের শঙ্কা রয়েছে। স্থানীয় ভূমি প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে প্রভাবশালী ওই চক্রের মাটি কাটা বন্ধ হচ্ছে না। বর্তমানেও মাটি কাটা অব্যাহত রয়েছে।

অভিযুক্ত মোশাররফ মোল্লা জানান, তিনি নদীপাড়ের জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নিচ্ছেন। সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত