ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের মদের দোকান সিলগালা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:১৪ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানের পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির মালিকানাধীন একটি দেশীয় মদের দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মদ খাওয়ার অনুমতি নেই এমন ক্রেতাদের কাছে মদ বিক্রি করার দায়ে গত বুধবার মধ্যরাতে দোকানটি সিলগালা করে দেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের একটি দল রাত সাড়ে ৮টা থেকে পৌনে ২টা পর্যন্ত আনন্দবাজার এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে মদ পান ও ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক এবং তাদের মধ্যে হেদায়েত উল্লাহ, আশেফ ও রিপনকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা এবং বাকি চারজনকে ১০ দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া শর্ত ভঙ্গ করে মদ বিক্রি করার দায়ে ইউপি চেয়ারম্যান আঁখির দেশীয় মদের দোকান এক মাসের জন্য সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত