বিকল্প রাজনীতি গড়তে সংস্কৃতিকর্মীদের এগিয়ে আসতে হবে : সেলিম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ এএম

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বদল ও বিকল্প রাজনীতি গড়তে সংস্কৃতিকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেছেন, দেশ আজ ভয়াবহ দুঃশাসনে আক্রান্ত। লুটপাট-দুর্নীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, রাষ্ট্রীয় সন্ত্রাস-নিপীড়নে দেশবাসী অতিষ্ঠ। এই চলমান দুঃশাসন থেকে মুক্তির সংগ্রাম এবং সেই সঙ্গে এই দুবৃ©ত্তায়িত ব্যবস্থা বদলের সংগ্রাম আজ পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এই সংগ্রামকে এগিয়ে নিতে হলে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার সংগ্রামকে অগ্রসর করার বিকল্প নেই।

গতকাল শুক্রবার পুরানা পল্টনে মুক্তি ভবেন মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় সারা দেশ থেকে সাংস্কৃতিক আন্দোলনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

তিনি  বলেন, এদেশের মুক্তিসংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমানুষের সংগ্রামে প্রগতিশীল সংস্কৃতিকর্মীরা সামনের কাতারে থেকে লড়াই করেছে। বর্তমান দুঃশাসন থেকে দেশকে বাঁচাতে এই সময়েও সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করা দরকার। সিপিবির সঙ্গে সম্পৃক্ত সংস্কৃতিকর্মীদের অন্যান্য প্রগতিশীল সংস্কৃতিকর্মীদের সংগঠিত করে সেই আন্দোলন বেগবান করার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত