গ্যাসপাইপ লিকেজ থেকে আগুন, ৪ ওয়াসাকর্মী দগ্ধ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:০১ এএম

রাজধানীতে ওয়াসার পানির পাইপলাইন স্থাপনের সময় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে আগুন ধরে ওয়াসার চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ওয়াসা শ্রমিকরা হলেনÑ কবির আহমেদ (২৫), নিলু মোল্লা (৩৮), জুনায়েদ (২৪) ও রুবেল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

আহতরা দেশ রূপান্তরকে জানান, সন্ধ্যা ৭টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের উল্টো পাশের সড়কে ওয়াসার পানির পাইপলাইন বসানোর কাজ করছিলেন তারা। এ সময় গ্যাস সরবরাহ লাইনে আঘাত লেগে একটি পাইপ ছিদ্র হয়ে যায়। সেটি মেরামতের সময় গ্যাস থেকে আগুন লেগে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা এবং সেখান থেকে আবার নেওয়া হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে জুনায়েদের হাত, পা ও মুখ ঝলসে গেছে। রুবেল ও কবিরের হাত, পা ও পেট দগ্ধ হয়েছে। আর নিলু মোল্লার পা সামান্য পুড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত