উপজেলায় পৌঁছেছে প্রায় শতভাগ বই

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩৮ এএম

নতুন বছরের প্রথম দিন দেশের ৪ কোটি ৩০ লাখ শিশুর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হবে। এজন্য দেশের সব উপজেলায় এরই মধ্যে পৌঁছে গেছে শতভাগ পাঠ্যবই। এবার ছাপা হয়েছে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার বই। এতে সরকারের ব্যয় হচ্ছে ১ হাজার ১১ কোটি টাকারও বেশি। ওই দিন শিশুদের হাতে বই তুলে দিতে বই উৎসবের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়।

এনসিটিবি জানিয়েছে, এবার প্রাথমিক স্তরের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫ ও মাধ্যমিক স্তরের ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯ কপি বই ছাপানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘কিছু সমস্যা থাকলেও আমাদের বইয়ের প্রায় শতভাগই উপজেলায় চলে গেছে। এ সপ্তাহেই শতভাগ বই উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে। ১ জানুয়ারি বই উৎসবকে মাথায় রেখে এই সময়ের মধ্যেই আমরা বিশাল এই কর্মযজ্ঞ শেষ করে এনেছি।’

এনসিটিবির একাধিক কর্মকর্তা জানান, কিছু অসাধু মুদ্রাকর নিম্নমানের কাগজে বই ছাপার অপচেষ্টা করেছে। কেউ কেউ পাঠ্যপুস্তকে নিম্নমানের কাগজ, কালি ও অন্যান্য উপকরণও ব্যবহার করেছে। যারা এমন অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। নিম্নমানের কাগজে বই ছাপাসহ নানা অনিয়মের কারণে সাতটি ছাপাখানার প্রায় এক লাখ কপি বই ধ্বংস করা হয়েছে। আবার যারা নির্ধারিত সময়ের মধ্যে বই দিতে পারেনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিটিবির সদস্য (টেক্সট) অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘যারা নির্ধারিত সময়ে বই দিতে পারেনি তাদের ওই লটের বইয়ের মোট টাকার (মূল্য) ওপর ১০ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে। কেউ মাফ পাবে না। আর নিম্নমানের একটি বইও এনসিটিবি গ্রহণ করবে না।

বইয়ের মানের ক্ষেত্রে কারও সঙ্গে আপসও করা হচ্ছে না।’

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এবারও দুই মন্ত্রণালয় দুটি ভেন্যুতে আলাদা বই উৎসবের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত