দিল্লিতে চামড়া কারখানায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৪৩

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ পিএম

দিল্লিতে একটি চামড়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ -এ দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার সকাল ৫টায় মধ্য দিল্লির আনাজ মান্দি এলাকার রানি ঝাঁসি রোডের একটি ভবনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশেরই মৃত্যু হয়েছে। ভবনটিতে থেকে অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় দুইটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের শীর্ষ কর্মকর্তা সুনীল চৌধুরী জানান, ৬০০ বর্গফুট এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। ভেতরে স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি জানান, নিহতদের অধিকাংশই শ্রমিক। কারখানাটিতে তারা ঘুমিয়ে ছিল। এ অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩০টি ফায়ার ইঞ্জিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আনন্দবাজার পত্রিকা জানায়, কারখানাটিতে অল্প জায়গার মধ্যে অনেক শ্রমিক ঘুমাতেন। তাদের অনেকেই আশপাশের কারখানাতেও কাজ করেন। কারখানার মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে কারখানায় অগ্নি নির্বাপণের যথাযথ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের সূত্রপাত বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত