নেত্রকোনা নাগরপুর নাজিরহাট নকলা দাউদকান্দি মুক্ত দিবস আজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৯ পিএম

একাত্তরের ৯ ডিসেম্বর পাকিস্তানি হানাদার ও রাজাকার-আলবদরদের হটিয়ে মুক্ত হয় নেত্রকোনা, টাঙ্গাইলের নাগরপুর, চট্টগ্রামের নাজিরহাট, কুমিল্লার দাউদকান্দি ও শেরপুরের নকলা। মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠান দিনটিতে নিয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর

মুক্তিযোদ্ধারা শহরকে ঘিরে ফেলেন চারদিক থেকে : ৯ ডিসেম্বর নেত্রকোনা শহরকে হানাদারমুক্ত করতে গিয়ে মুক্তিযোদ্ধারা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলেন। চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পথে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন কৃষি ফার্মের কোনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মরণপণ লড়াই করে পরাস্ত হয়। পরে পালিয়ে যায় ময়মনসিংহের দিকে। মুক্তিকামীরা বিজয়োল্লাস করে নেত্রকোনায় ওড়ান লাল-সবুজের পতাকা।

কাদেরিয়া বাহিনীর সঙ্গে যোগ দেয় বাতেন বাহিনী : ধলেশ্বরী নদীবেষ্টিত টাঙ্গাইলের নাগরপুরে কাদেরিয়া বাহিনী বেশ কয়েক দফা আক্রমণ করেও চূড়ান্ত সফলতা আনতে পারেনি। পরে কাদেরিয়া বাহিনীর সঙ্গে বাতেন বাহিনী যোগ দিয়ে ৮ ডিসেম্বর রাতে চারদিক থেকে আক্রমণ করে থানা। রাতভর থেমে থেমে যুদ্ধ চলে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে ৯ ডিসেম্বর সকালের সূর্য ওঠার আগেই হানাদার বাহিনী মৃতদেহ ও আহত সেনাসদস্যদের নিয়ে পালাতে বাধ্য হয়।

লঞ্চযোগে মেঘনা নদী দিয়ে পালায় হানাদাররা : মুক্তিযোদ্ধাদের প্রচ- আক্রমণের মুখে হানাদার বাহিনী হটতে শুরু করলে দাউদকান্দির মুক্তিযোদ্ধারা মানসিকভাবে দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠেন। ৮ ডিসেম্বর রাত থেকে ৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত যুদ্ধের পর হানাদাররা লঞ্চযোগে মেঘনা নদী দিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

অতর্কিত আক্রমণে শহীদ হন ১১ মুক্তিকামী : উত্তর চট্টগ্রামের অন্যতম রণাঙ্গন নাজিরহাটে ৮ ডিসেম্বর রাতভর পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ইস্টবেঙ্গল রেজিমেন্টের জওয়ান এবং মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। এতে শহীদ হন ১১ জন। পরদিন ভোরে মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে হানাদাররা পালিয়ে যায়।

বন্দি হয় ১৩০ রাজাকার-আলবদর : শেরপুরের নকলায় ৯ ডিসেম্বর মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার সনাতন সিং এবং মেজর বানাজিৎ সিং ত্যাগীর উদ্যোগে মুক্তিযোদ্ধারা মরণপণ যুদ্ধ করে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাজিত করেন। মুক্তিযোদ্ধারা ১১০ অস্ত্রসহ বন্দি করেন ১৩০ রাজাকারকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত