ক্রিকেট বলে গাড়ির কাচ ভাঙায় দুই কিশোরের দেড় ঘণ্টার ‘থানাবাস’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

রাস্তায় ক্রিকেট খেলতে গিয়ে পুলিশের একটি গাড়ির জানালার কাচ ভেঙে ফেলায় প্রায় দেড় ঘণ্টা থানায় আটকে রাখা হয় স্কুলপড়ুয়া দুই কিশোরকে।

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে মতিঝিল মডেল হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র এবং এক এসএসসি পরীক্ষার্থীকে সবুজবাগ থানার সামনে থেকে ধরে নিয়ে আটকে রাখে পুলিশ।

এ বিষয়ে সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলম দেশ রূপান্তরকে বলেন, এলাকায় খেলার মাঠ না থাকায় শিশু-কিশোররা রাস্তার ওপরই ক্রিকেট ও ফুটবল খেলে। বিকেলে তারা ক্রিকেট খেলার সময় বল লেগে সরকারি একটি গাড়ির লুকিং গস্নাস ভেঙে যায়। এ সময় অন্য কিশোররা দৌড়ে চলে যায়। কর্তব্যরত একজন পুলিশ সদস্য তাদের দুজনকে থানায় নিয়ে আসেন। আমাকে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে অভিভাবকদের ডেকে তাদের কাছে দিয়ে দিতে বলি।

তাদের কোনো ভয়ভীতি দেখানো হয়নি বলে দাবি করে ওসি বলেন, তাদের অভিভাবকরা আসতে যতক্ষণ লেগেছে ততক্ষণ তারা থানায় ছিল।

মধ্য বাসাবোর বাসিন্দা এক কিশোরের মা জানান, ওই এলাকায় খেলার কোনো মাঠ নেই। তাই শিশু-কিশোররা যেখানে সুযোগ পায় সেখানেই খেলে। সোমবার বিকেলে কয়েক কিশোর থানার কাছে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলছিল। খেলার সময় হঠাৎ করেই থানার সামনে থাকা পুলিশের একটি গাড়ির লুকিং গস্নাস ক্রিকেট বলের আঘাতে ভেঙে যায়। তখন অন্যরা দৌড়ে পালিয়ে এলেও আমার ছেলেসহ দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়। তাদেরকে ডিউটি অফিসারের কক্ষে বসিয়ে রাখা হয়।

আমরা গেলে থানা থেকে প্রথমে বলা হয়, অন্য যারা খেলেছিল তাদের না আনলে ওদের ছাড়া হবে না। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমার ছেলের মঙ্গলবার পরীক্ষা, আর অন্যজন তো মাধ্যমিক পরীক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের ছাড়ে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত