বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে কাফনের কাপড় পরে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল পল্টন থানার নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১টায় যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফকিরাপুল পানির টাঙ্কি থেকে শুরু হয়ে নয়াপল্টন ফকিরাপুল মোড়ে এসে শেষ হয়।
মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে’, ‘জামিন নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও’ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শুরুর আগে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘বর্তমান সরকার গত দু’বছর ধরে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে মিছিলে যুবদল পল্টন থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন, লিয়ন হক, তানিম আহমেদসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
