নাগরিকত্ব বিল বাতিল চেয়ে অরুন্ধতিসহ ৬২৫ ব্যক্তির বিবৃতি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৫ পিএম

ভারতের লোকসভায় পাস হওয়া নাগরিক সংশোধনী বিল (সিএবি) বাতিল চেয়ে বিবৃতি দিয়েছেন ৬২৫ বুদ্ধিজীবী।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নাগরিকত্ব বিলকে ‘বিভাজনমূলক, পক্ষপাতদুষ্ট এবং অসাংবিধানিক’ বলে মন্তব্য করে এটি প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান ৬২৫ লেখক, বুদ্ধিজীবী, পরিচালক, সিনেমা ব্যক্তিত্বসহ অনেকে।

যৌথ বিবৃতিতে সই করেন লেখক অশোক বাজপেয়ি, অরুন্ধতি রায়, পাউল জাকারিয়া, অমিতাভ ঘোষ ও শশী দেশপাণ্ডে। শিল্পীদের মধ্যে রয়েছেন টিএম কৃষ্ণ, অতুল দোড়িয়া, বিভান সুন্দরম, সুধীর পট্টবর্ধন, গুলাম মহম্মদ শেখ ও নীলিমা শেখ।

অপর্ণা সেন, নন্দিতা দাস ও আনন্দ পট্টবর্ধনের মতো চলচ্চিত্র নির্মাতাদেরও সই রয়েছে। শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত বিচারকসহ নামকরা অনেক ব্যক্তিও শামিল হয়েছেন এতে।

লোকসভায় সোমবার মধ্যরাতে পাস হওয়া বিলের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বিলটি ভারতীয় সংবিধানের ওপর আক্রমণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত