আশুলিয়ায় প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ঘোষবাগ এলাকায় প্রায় তিন হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানের ব্যাপারে আবু সাদাত মো. সায়েম জানান, আশুলিয়ায় দুটি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এই দুই এলাকার প্রায় তিন কিলোমিটার অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয়েছে এবং আনুমানিক তিন হাজার বাসাবাড়িতে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ধরনের অভিযান মাসজুড়ে চলবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপপরিদর্শক মিরাজ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
