ফাইনালের আগে রিয়ালের মুখোমুখি হতে চান না রোনালদো

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:৫৮ পিএম

দাপটের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে জুভেন্টাস। নক-আউট পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদও। সোমবার শেষ ষোলোর ড্র। এর আগে জুভেন্টাস তারকা রোনালদোর চাওয়া, শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে যেন রিয়াল না পড়ে। এখনই নিজের সাবেক ক্লাবটির মুখোমুখি হতে চান না পর্তুগিজ এই ফুটবলার।

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় গতবার আয়াক্সের কাছে হেরে বিদায় না নিলে কোয়ার্টার-ফাইনালে রিয়ালের সঙ্গে দেখা হতো জুভেন্টাসের। রিয়ালের বিপক্ষে জুভেন্টাসের জার্সিতে খেলার খুব ইচ্ছা রোনালদোর। তবে সেটা এখনই নয়। শেষ ষোলোতে মাদ্রিদের ক্লাবটিকে এড়াতে চান ২০১৮ সালে সান্তিয়াগো বার্নাব্যু থেকে জুভেন্টাসে নাম লেখানো এই ফরোয়ার্ড।

গত মৌসুমে শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে শেষ আটে নিয়ে যান রোনালদো। কিন্তু কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে বিদায় নেয় তার দল। ইতালিয়ান ক্লাবটির হয়ে এবার ফাইনাল খেলতে চান রোনালদো।

এর আগে রিয়ালের মুখোমুখি হতে চান না পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো, “রিয়াল অসাধারণ একটা দল।... শেষ দিকে আমি তাদের মুখোমুখি হতে চাই। ফাইনালে? আমি তাদের ফাইনালে চাই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত