স্কুল শিক্ষিকাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৭:২৪ পিএম

সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে গাড়ি চাপা দিয়ে আরেফা আক্তার নামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকাকে হত্যার চেষ্টা করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত স্কুল শিক্ষিকা বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসসহ ছালেহ আহমদ ও আলতাফ হোসেন নামে দুজনকে আটক করেছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের হিসাব রক্ষণ অফিসের সামনে ঘটে। গুরুতর আহত স্কুল শিক্ষিকা সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সুজাপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার  বলেন, বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আমি ও আরেফা আক্তার দুপুরে উপজেলা হিসাব রক্ষণ অফিসে যাই। কাজ শেষে বিকেলে ফেরার সময় হিসাব রক্ষণ অফিসের সামনের  দিয়ে হেঁটে যাওয়ার সময় আগে থেকে অবস্থান করা একটি মাইক্রোবাস দ্রুতগতিতে আমাদের চাপ দেয়। আমি সরে যেতে পারলেও আরেফার বাম পা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

তিনি বলেন, চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার চিৎকারে উপজেলা গেইটে থাকা উপস্থিত লোকজন চালকসহ গাড়িটি আটক করে। গুরুতর আহত আরেফাকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শিক্ষিকার ভাই সুফিয়ান বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎিসকরা জানিয়েছে পায়ের অবস্থা খুবই খারাপ। অপারেশনে কাজ না হলে পা কেটে ফেলা হতে পারে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে ঘটনার যে বিবরণ দিয়েছে তাতে আমরা নিশ্চিত আমার বোনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে থানায় অভিযোগ দিতে দেরি হচ্ছে।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত