খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন ৩ দিনের জন্য স্থগিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:১৭ এএম

খুলনায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার রাতে খুলনার বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বললে গভীর রাতে সাধারণ শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নেয়।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, ‘জাতীয় মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় আন্তঃমন্ত্রণালয় সভা ও বিকেল তিনটায় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সভা কক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে পাটকল শ্রমিকদের অনশন ধর্মঘট নীতিগতভাবে স্থগিতের ব্যাপারে একমত হয়েছেন পাটকল সিবিএ ও ননসিবিএ  নেতাকর্মীরা।

আগামী ৩ দিনের জন্য শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে শ্রমিকদের দাবি না মানা হলে ১৭ ডিসেম্বর থেকে আবার আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।

শ্রমিকদের সঙ্গে বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই পাটকল এবং শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় খুলনার বন্ধ হওয়া পাটকলগুলো চালু হয়েছে।

এ সরকারের আমলে মজুরি কমিশন ২০১৫ পাশ হয়েছে এবং এ সরকারই তা বাস্তবায়ন করবে। দাবি-দাওয়া পূরণ করতে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ প্রেক্ষাপট তৈরি করা দরকার। এজন্য শ্রমিকদের চলমান অনশন ধর্মঘট প্রত্যাহার করা প্রয়োজন।

উল্লেখ্য, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত মাসের ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।

গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আমরণ অনশন। অনশন চলাকালে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে প্লাটিনাম জুট মিল শ্রমিক আব্দুস সাত্তার (৫৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত