কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে হামলা, মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, গতকাল শনিবার সকালে উপজেলা সদরের কবির মামুদ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকদের ভাষ্য, ঘটনাটি সাজানো, অভিযোগকারীরা নিজেরাই মন্দিরে আগুন লাগিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
কবির মামুদ গ্রামের বাসিন্দা হারুন মিয়া ও নিবারণ চন্দ্র দেশ রূপান্তরকে জানান, গ্রামের প্রয়াত হরেন্দ্র নাথ রায়ের ছেলে হরিকান্ত রায়ের সঙ্গে প্রয়াত হানিফ উদ্দিনের ছেলে দুলাল হোসেনের ৫২ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ১০/১২ জন নারী-পুরুষ এক হয়ে হরিকান্ত রায়ের বাড়িতে হামলা চালায়। এ সময় ওই বাড়ির উঠানের দুর্গা মন্দিরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী সন্দেহে ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন মোস্তফা মিয়া (৬০), ইসমাইল হোসেন (৪৫), মুকুল মিয়া (৪০), আ. সোবাহান (৫১), আ. রশিদ (৩৫) ও শামছুল হক (৬৫)। এ ঘটনায় হরিকান্ত রায়ের বড় ভাই সুশীল চন্দ্র রায় বাদী হয়ে ২৪ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
হরিকান্ত রায় দেশ রূপান্তরকে বলেন, ‘আসামিরা আমার বাড়িতে হামলা চালায় এবং মন্দিরে আগুন দিয়ে মূর্তি ভাঙচুর করে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
অন্যদিকে আটক মোস্তফা মিয়া ও মুকুল মিয়া দেশ রূপান্তরকে বলেন, জমি নিয়ে হিন্দুবাড়িতে হামলা বা মন্দিরে আগুন দেওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।
