ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি।
রোববার দুপুরে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ২ কেজি ওজনের এই ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটকের তথ্য জানায়নি বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
স্বর্ণের বারগুলো বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
