সাতক্ষীরায় বিদেশি পিস্তল-ফেনসিডিলসহ ২ যুবক আটক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ পিএম

সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার রাতে শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এর পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে পিচ্চি রাসেল (২১) ও সদর উপজেলার মাছখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (১৯)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুরে অভিযান চালানো হয়।

এ সময় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এর পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দুই সহযোগী দ্বীপ ও সাইফুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এই নিহত কিশোর গ্যাং দ্বীপ ও সাইফুলের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমান বলে জানায় পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত