ঢাকার প্রথম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএল এখন চট্টগ্রামে। তবে চট্টগ্রামবাসী এবার তাদের ঘরের ছেলে তামিম ইকবালের খেলা মিস করতে পারেন বলেই মনে হচ্ছে। ঢাকা প্লাটুন ওপেনার যে দলের সঙ্গেই যেতে পারেননি। ভাইরাল জ্বরে ভোগা তামিমকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।
তামিমের জ্বরের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও নিশ্চিত করেছেন বিষয়টি।
দেবাশীষ চৌধুরী যা বলছেন তাতে তামিমের চট্টগ্রাম পর্বে খেলার সম্ভাবনা খুব কম, ‘ওর শরীর এখন দুর্বল। তবে আমার ব্যক্তিগত মত হলো, আগামী দু-চার দিন সে খেলায় নেই এটা নিশ্চিত। শেষের দিকে একটা ম্যাচ খেললে খেলতেও পারে হয়তোবা।’
ভাইরাল জ্বরের সঙ্গে তামিমের কুঁচকির চোটও রয়েছে। তবে সেটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।
ঢাকায় নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে দারুণ সফল ছিলেন তামিম। প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচেই খেলেন ৫৩ বলে ৭৪ রানের ইনিংস। ঢাকা প্লাটুনও প্রথম জয় পায় সে ম্যাচে। এরপর সিলেট থান্ডাসের বিপক্ষে ম্যাচেও ২৮ বলে ৩১ রান করেছিলেন তামিম।