‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি।
সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রায় পাঁচ হাজার আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই উদযাপন করে তারা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ইভ্যালির উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন,‘ ইভ্যালির পথচলা মাত্র এক বছরের। ই-কমার্সের যেকোনো প্রেক্ষাপটেই এক বছর খুবই অল্প সময়। তবে এই অল্প সময়েও আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। আমাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১২ লাখের ওপরে, সেলার বা মার্চেন্ট ২০ হাজারেরও বেশি’।
তিনি আরও বলেন, ‘ গুগল প্লে-স্টোর থেকে ইভ্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ পাঁচ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। সবচেয়ে বড় বিষয় ই-কমার্সে কেনাকাটা করা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে তেমন একটি বিশ্বাস আমরা গ্রাহকদের মাঝে দিতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ইভ্যালিতে এখন দুই শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। এদের অর্ধেক অংশই নারী কর্মী। এছাড়াও আমাদের সাথে যেসব সেলার আছেন তারাও তাদের দিক থেকে কর্মী নিয়োগ করছেন। বিশেষ করে ঢাকার বাইরের শহরগুলোতে আমাদের প্রচুর সেলার আছে। সবমিলিয়ে আমরা একটি ইকো-সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি’
এর আগে অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিক পর্বে অতিথিদের উদ্দেশ্যে ইভ্যালির গত এক বছরের কার্যক্রমের কিছু অংশ উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
